ইসরাইলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, আঘাতের সময় ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও সেটি সক্রিয় অবস্থায় ছিল, […]
ছবি: সংগৃহীত
ইসরাইলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, আঘাতের সময় ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও সেটি সক্রিয় অবস্থায় ছিল, ফলে উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে পড়ে।
আটকে পড়া চারজনের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়, যা অভিযানের সময় আরও দীর্ঘ করে তোলে।
ঘটনাস্থলের বিপরীতে বসবাসকারী স্থানীয় বাসিন্দা মর বারেল বলেন, ইসরাইলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে জীবনযাপন করা প্রতিদিনের ‘রাশিয়ান রুলেট’ খেলার মতো মনে হয়।
এদিকে, পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘাত নিয়ে ইসরাইলের অভ্যন্তরেও মত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, যুদ্ধের প্রতি ইহুদি ইসরাইলিদের সমর্থন ধীরে ধীরে কমছে।
এরই মধ্যে দেশজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভও তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে, এবং আরব-ইসরাইল আন্দোলনের নেতা অ্যালন-লি-গ্রিনসহ একাধিক বিক্ষোভকারীকে আটক করার খবর পাওয়া গেছে।
ইসরাইল এই যুদ্ধে নিজেদের সাফল্য হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টি সামনে আনছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ইরানের কৌশল হচ্ছে ইসরাইলিদের নিরাপত্তাবোধে আঘাত হানা, যা কখনও কখনও একটি মাত্র সফল ক্ষেপণাস্ত্র হামলাতেই সম্ভব।