সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা সাময়িক শিথিলে সম্মত যুক্তরাষ্ট্র

শান্তি আলোচনা চলাকালীন ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এমন তথ্য সামনে এসেছে। সোমবার ইরানের বার্তা সংস্থা তাসনিম আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান শুরু থেকেই স্পষ্টভাবে বলে আসছে যে, যেকোনো সমঝোতার ক্ষেত্রে সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র […]

ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা সাময়িক শিথিলে সম্মত যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শান্তি আলোচনা চলাকালীন ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এমন তথ্য সামনে এসেছে।

সোমবার ইরানের বার্তা সংস্থা তাসনিম আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান শুরু থেকেই স্পষ্টভাবে বলে আসছে যে, যেকোনো সমঝোতার ক্ষেত্রে সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র প্রশাসন। ফলে আলোচনার অগ্রগতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা যায়। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে ইরানি হামলার ঘটনা ঘটে।

দীর্ঘদিনের এই সংঘাতের ফলে পশ্চিম এশিয়াজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুদ্ধ শুরুর প্রায় ৪০ দিন পর গত ৮ এপ্রিল দুই পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অবরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ও কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আলোচনায় নতুন গতি আনতে পারে, যদিও পরিস্থিতি এখনো বেশ জটিল রয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ