ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা ভারতের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ ধ্বংস হওয়া জাহাজটি ভারতীয় একটি বন্দরে যৌথ নৌমহড়া শেষ […]
ছবি: সংগৃহীত
ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা ভারতের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ ধ্বংস হওয়া জাহাজটি ভারতীয় একটি বন্দরে যৌথ নৌমহড়া শেষ করে ফেরার কিছু সময়ের মধ্যেই এ হামলার শিকার হয়।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা হিসেবে শনাক্ত করেছেন। জানা গেছে, গত মাসে ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে স্বাগত জানায় এবং যৌথ মহড়ায় অংশ নেয়। মহড়া শেষ করে পূর্ব ভারতের একটি বন্দর থেকে নিজ দেশে ফেরার পথে ভারত মহাসাগরে এটি আক্রমণের শিকার হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৪৫ সালের পর এই প্রথম কোনো মার্কিন আক্রমণাত্মক সাবমেরিন সরাসরি টর্পেডো ব্যবহার করে একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে। ঘটনাটি উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ঘটেছে।
সুশান্ত সিং বলেন, জাহাজটি ভারতীয় জলসীমা ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা পরই ধ্বংস হওয়ায় এটি নয়াদিল্লির আঞ্চলিক বিশ্বাসযোগ্যতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তার মতে, ভারত মহাসাগরের যে অঞ্চলটিকে ভারত নিজের প্রভাববলয়ের অংশ মনে করে, সেই এলাকাতেই এ হামলা ঘটেছে।
তিনি আরও বলেন, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় চলাচল করলেও সেটি এমন একটি সমুদ্রপথে ছিল, যেখানে ভারতীয় নৌবাহিনীর নজরদারি কার্যকর থাকার কথা। ফলে এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—বাণিজ্য ও জ্বালানি সরবরাহের সমুদ্রপথ নিরাপদ রাখা, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যাতে আরও বাড়ে না সেদিকে নজর রাখা। পাশাপাশি ভারতের সামুদ্রিক প্রভাববলয়ের এত কাছাকাছি তৃতীয় পক্ষের সামরিক তৎপরতা স্বাভাবিক হয়ে ওঠাও নয়াদিল্লির জন্য উদ্বেগের বিষয় হতে পারে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এখন পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।