ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরের কিন্তু ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। চলমান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এই পরিকল্পনার তথ্য সামনে এসেছে।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানায়, সেন্টকমের তৈরি এই পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরের কিন্তু ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। চলমান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এই পরিকল্পনার তথ্য সামনে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানায়, সেন্টকমের তৈরি এই পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি “উচ্চ প্রভাবসম্পন্ন বিকল্প” হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে পূর্ণমাত্রার দীর্ঘ যুদ্ধের পরিবর্তে দ্রুত ও সীমিত সময়ের মধ্যে বড় ধরনের সামরিক আঘাত হানার কৌশল রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এখনো এই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়নি। বরং ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কৌশলগত চাপ অব্যাহত রাখাকেই বেশি কার্যকর মনে করছে। ট্রাম্প নিজেও সাম্প্রতিক এক বক্তব্যে অর্থনৈতিক চাপকে “বোমার চেয়েও কার্যকর” বলে মন্তব্য করেছেন।
পরিকল্পনার আওতায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ক অন্তর্ভুক্ত। পরিকল্পনার মূল লক্ষ্য হলো—দীর্ঘমেয়াদি যুদ্ধ না চালিয়ে খুব অল্প সময়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিকল্প আরেকটি পরিকল্পনায় হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে। তবে এমন পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে স্থল অভিযান পরিচালনার প্রয়োজন হতে পারে, যা সংঘাতকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেলের বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে টানাপোড়েন ক্রমেই তীব্র হচ্ছে।