যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নব্য-রক্ষণশীল চিন্তাবিদ ও দীর্ঘদিনের ইসরাইলপন্থি কৌশলবিদ রবার্ট কাগান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র “পূর্ণ পরাজয়ের” দিকে এগোচ্ছে। তাঁর মতে, এই যুদ্ধ এমন এক দীর্ঘমেয়াদি ক্ষতির জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে আর সহজে পূরণ করা সম্ভব হবে না এবং এতে বৈশ্বিক পরাশক্তি হিসেবে ওয়াশিংটনের অবস্থান দুর্বল হয়ে পড়বে। ‘দি আটলান্টিক’-এ প্রকাশিত এক […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নব্য-রক্ষণশীল চিন্তাবিদ ও দীর্ঘদিনের ইসরাইলপন্থি কৌশলবিদ রবার্ট কাগান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র “পূর্ণ পরাজয়ের” দিকে এগোচ্ছে। তাঁর মতে, এই যুদ্ধ এমন এক দীর্ঘমেয়াদি ক্ষতির জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে আর সহজে পূরণ করা সম্ভব হবে না এবং এতে বৈশ্বিক পরাশক্তি হিসেবে ওয়াশিংটনের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
‘দি আটলান্টিক’-এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে কাগান বলেন, “আগের অবস্থায় আর ফেরা যাবে না। এমন কোনো চূড়ান্ত মার্কিন বিজয়ও আসবে না, যা এই ক্ষতিকে মুছে দিতে পারবে।” তাঁর মতে, সংঘাতটি শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রকে দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে।
রবার্ট কাগান ১৯৯৭ সালে ‘প্রজেক্ট ফর দ্য নিউ আমেরিকান সেঞ্চুরি’-র সহ-প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। এই সংগঠনটি মার্কিন সামরিক আধিপত্য বিস্তারের নীতির অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত। পরবর্তীতে ২০০৩ সালের ইরাক যুদ্ধের নীতিগত ভিত্তি তৈরিতেও এই ধারার বড় প্রভাব ছিল।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। তাঁর ভাষায়, এই প্রণালীর কৌশলগত গুরুত্ব ইরানকে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাবসম্পন্ন শক্তিতে পরিণত করছে।
কাগানের মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন করেনি; বরং এমন এক আমেরিকাকে সামনে এনেছে, “যে অবিশ্বস্ত এবং যে শুরু করা যুদ্ধ শেষ করতে অক্ষম।” এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের কৌশলগত অবস্থান নতুন করে নির্ধারণ করবে বলেও তিনি মন্তব্য করেন।
ট্রাম্প প্রশাসনের সামনে এখন খুব সীমিত বিকল্প রয়েছে বলেও মনে করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি সচল করা এবং ইরানের ওপর চাপ ধরে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দরকষাকষির ক্ষমতা অনেকটাই কমে গেছে।
বর্তমান পরিস্থিতিকে তিনি যুক্তরাষ্ট্রের অতীতের বড় সামরিক সংকটগুলোর সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, পার্ল হারবার হামলা কিংবা ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত।
কাগান বলেন, “যুক্তরাষ্ট্রের পরাজয় শুধু সম্ভবই নয়, বরং সেটাই বেশি সম্ভাব্য ফলাফল।” তাঁর মতে, ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না, কারণ এটি তেহরানের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র।
পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও সতর্ক করেন, এই যুদ্ধ ইসরাইলের জন্যও “অত্যন্ত বিপর্যয়কর” হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রভাব কমে গিয়ে ধীরে ধীরে তা ইরান ও তাদের মিত্রদের দিকে সরে যেতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই