ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে কাতার। যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির একটি বিশেষ আলোচক দল তেহরানে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কাতারের প্রতিনিধিদল ইরানের রাজধানীতে যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় রেখে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করাই এই সফরের মূল লক্ষ্য। কূটনৈতিক […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে কাতার। যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির একটি বিশেষ আলোচক দল তেহরানে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কাতারের প্রতিনিধিদল ইরানের রাজধানীতে যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় রেখে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করাই এই সফরের মূল লক্ষ্য।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কাতার আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে কাতার আগে থেকেই আলোচনার গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে পরিচিত। তবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটি কিছুটা নীরব অবস্থানে ছিল। এবার আবার সরাসরি আলোচনায় অংশ নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে পাকিস্তানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সফরকালে তিনি ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এটি তার দ্বিতীয় তেহরান সফর। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন।
বিশ্লেষকদের মতে, কাতার ও পাকিস্তানের এই সমান্তরাল কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে নতুন আলোচনার পথ তৈরি করতে পারে। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল এবং যেকোনো সময় উত্তেজনা নতুন দিকে মোড় নিতে পারে।