ইরানে হামলার জন্য স্পেনের ভূখণ্ডে অবস্থিত কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো অনুমোদন দেওয়া হবে না—এ কথা স্পষ্টভাবে জানিয়েছে স্পেন সরকার। সোমবার মাদ্রিদ থেকে জানানো হয়, দেশটির সার্বভৌমত্বের অধীনে থাকা সব সামরিক ঘাঁটির ওপর স্পেনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এসব স্থাপনা থেকে কোনো একতরফা সামরিক অভিযান পরিচালনার সুযোগ নেই। স্প্যানিশ দৈনিক […]
ছবি: সংগৃহীত
ইরানে হামলার জন্য স্পেনের ভূখণ্ডে অবস্থিত কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো অনুমোদন দেওয়া হবে না—এ কথা স্পষ্টভাবে জানিয়েছে স্পেন সরকার।
সোমবার মাদ্রিদ থেকে জানানো হয়, দেশটির সার্বভৌমত্বের অধীনে থাকা সব সামরিক ঘাঁটির ওপর স্পেনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এসব স্থাপনা থেকে কোনো একতরফা সামরিক অভিযান পরিচালনার সুযোগ নেই।
স্প্যানিশ দৈনিক এল দিয়ারিওকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, রোটা ও মোরন দে লা ফ্রন্টেরা ঘাঁটি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সংশ্লিষ্ট কোনো অভিযানে ব্যবহার করা হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।
আলবারেস জানান, যদিও ঘাঁটিগুলো যৌথ ব্যবহারের আওতায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে। তিনি বলেন, এসব ঘাঁটি যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ সনদের বাইরে কোনো সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও জানান, এ বিষয়ে স্পেন সরকারকে আগাম কোনো অবহিত করা হয়নি।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী সামরিক তৎপরতার সমালোচনা করে বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
পররাষ্ট্রমন্ত্রী আলবারেস সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা হরমুজ প্রণালীতে নৌপরিবহন ব্যাহত করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে সংযম দেখানো ও কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে স্পেন। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলারও নিন্দা জানানো হয়েছে।