মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং তার জবাবে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন ইরানে আগাম বা ‘প্রি-এম্পটিভ’ হামলার সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটনের এই পদক্ষেপের ব্যাখ্যায় তিনি বলেন, ইসরাইল আত্মরক্ষার যুক্তিতে হামলায় অটল ছিল এবং এতে স্পষ্ট ছিল যে ইরান কেবল ইসরাইল নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। সে পরিস্থিতিতে […]
ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং তার জবাবে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন ইরানে আগাম বা ‘প্রি-এম্পটিভ’ হামলার সিদ্ধান্ত নেয়।
ওয়াশিংটনের এই পদক্ষেপের ব্যাখ্যায় তিনি বলেন, ইসরাইল আত্মরক্ষার যুক্তিতে হামলায় অটল ছিল এবং এতে স্পষ্ট ছিল যে ইরান কেবল ইসরাইল নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। সে পরিস্থিতিতে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি কমাতে আগেভাগেই ইরানের সক্ষমতা দুর্বল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২ মার্চ) রাতে ক্যাপিটল হিল-এ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর কংগ্রেসে মতভেদ স্পষ্ট হয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই সংঘাতকে ‘ট্রাম্পের যুদ্ধ’ আখ্যা দিয়ে বলেন, প্রশাসনের ব্যাখ্যা পর্যাপ্ত নয়। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস-চেয়ার মার্ক ওয়ার্নারও সরাসরি হুমকি না থাকা সত্ত্বেও যুদ্ধে জড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
চলমান বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী তাদের ছয়জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী দেশটিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
হাউস স্পিকার মাইক জনসনসহ রিপাবলিকান নেতারা এই পদক্ষেপকে ‘প্রতিরক্ষামূলক অভিযান’ হিসেবে সমর্থন জানিয়েছেন। তবে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ পাসের উদ্যোগ নিয়েছেন। যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে প্রস্তাবটি পাস হওয়া বা প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করা কঠিন বলে মনে করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।