জাপানের আগাম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৬৫টি আসনের মধ্যে দলটি এককভাবে ৩১৬টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় অনেক বেশি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের ঘোষিত ফলাফলের পর প্রতিক্রিয়ায় তাকাইচি বলেন, দায়িত্বশীল ও সক্রিয় […]
ছবি: সংগৃহীত
জাপানের আগাম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৬৫টি আসনের মধ্যে দলটি এককভাবে ৩১৬টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় অনেক বেশি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের ঘোষিত ফলাফলের পর প্রতিক্রিয়ায় তাকাইচি বলেন, দায়িত্বশীল ও সক্রিয় রাজস্বনীতি বাস্তবায়নের মাধ্যমেই টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অর্থায়ন ও ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নানা কেলেঙ্কারির কারণে সাম্প্রতিক সময়ে চাপে থাকা এলডিপি রাজনৈতিক অবস্থান সুসংহত করতে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মাথায় এই আগাম নির্বাচনের ডাক দেয়। বিশ্লেষকদের মতে, এই বড় জয় তাকাইচির নেতৃত্বকে আরও শক্ত ভিত্তি দিল।
করছাড় ঘিরে উদ্বেগ
নির্বাচনের আগে খাদ্যপণ্যে আরোপিত ৮ শতাংশ বিক্রয় কর সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন তাকাইচি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণের ভার বহনকারী জাপান এই করছাড়ের অর্থায়ন কীভাবে সামাল দেবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভোট
তীব্র শীত ও কয়েকটি অঞ্চলে রেকর্ড তুষারপাত সত্ত্বেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও তুষারঝড়ের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং কিছু ভোটকেন্দ্র সময়ের আগেই বন্ধ করতে হয়।
টোকিওর বাসিন্দা কাজুশিগে চো বলেন, তাকাইচির নেতৃত্ব দেশকে একটি স্পষ্ট দিকনির্দেশনা দিচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ঐক্যের অনুভূতি তৈরি করছে। তবে নিয়িগাতার বাসিন্দা মাইনেকো মোরি আশঙ্কা প্রকাশ করে বলেন, করছাড় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ঋণভার ডেকে আনতে পারে।
আইন প্রণয়নে নিরঙ্কুশ কর্তৃত্ব
হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রেগ মার্ক বলেন, এই ফলাফলের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যত বিরোধীদের বাধা ছাড়াই যেকোনো আইন পাস করাতে পারবেন। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বড় বাজেট অনুমোদনের পথ সুগম হলো। তার মতে, এটি জাপানের যুদ্ধোত্তর শান্তিবাদী অবস্থানেও মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
জাপানের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কেইদানরেন এই ফলকে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার বার্তা হিসেবে দেখছে। সংগঠনটির প্রধান ইয়োশিনোবু সুৎসুই বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য জাপানের অর্থনীতি এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
চীনের সঙ্গে বাড়তে পারে উত্তেজনা
নির্বাচনের ফল চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষমতায় আসার পর তাইওয়ান ইস্যুতে শক্ত অবস্থান নিয়ে তাকাইচির বক্তব্য টোকিও–বেইজিং সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই জনসমর্থন তার প্রতিরক্ষা জোরদারের উদ্যোগকে ত্বরান্বিত করবে।
এশিয়া গ্রুপের বিশ্লেষক ডেভিড বোলিং বলেন, তাকাইচির এই জয় বেইজিংয়ের জন্য স্বস্তির নয়। শক্ত অবস্থান থেকে তিনি এখন আঞ্চলিক কৌশল নির্ধারণে এগোতে পারবেন।
ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাকাইচির প্রতি সমর্থন জানান এবং ভোটের ফল ঘোষণার আগেই আগামী ১৯ মার্চ তার হোয়াইট হাউস সফরের কথা ঘোষণা করেন।
জয়ের পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তাকাইচি এক্সে লেখেন, এই বসন্তে ওয়াশিংটন সফর এবং জাপান–যুক্তরাষ্ট্র জোট আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা অসীম।
২০২৪ সালে জাপান–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩১৭ বিলিয়ন ডলার। এ ছাড়া জাপানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এশিয়া-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু।