হোয়াইট হাউস সাংবাদিক সমিতির বার্ষিক নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন মনে করেন, ঘটনাটি বাস্তব নয়; বরং এটি ছিল পরিকল্পিত বা সাজানো নাটক। অনলাইন সংবাদ নির্ভরযোগ্যতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপটি ইউগভ-এর সহযোগিতায় […]
ছবি: সংগৃহীত
হোয়াইট হাউস সাংবাদিক সমিতির বার্ষিক নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন মনে করেন, ঘটনাটি বাস্তব নয়; বরং এটি ছিল পরিকল্পিত বা সাজানো নাটক।
অনলাইন সংবাদ নির্ভরযোগ্যতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপটি ইউগভ-এর সহযোগিতায় গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এক হাজার মার্কিন নাগরিকের মধ্যে পরিচালিত হয়।
ওয়াশিংটন হিলটনে আয়োজিত ওই অনুষ্ঠানে গুলির ঘটনার পর বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। তবে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, প্রশাসনের জনপ্রিয়তা বাড়ানো এবং নিরাপত্তা ইস্যুকে জোরালো করতে পুরো ঘটনাটি সাজানো হয়েছিল।
জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, হামলাটি ছিল ভুয়া বা পূর্বপরিকল্পিত। বিপরীতে ৪৫ শতাংশ এটিকে সত্য ঘটনা বলে বিশ্বাস করেন। আর প্রায় ৩২ শতাংশ এ বিষয়ে নিশ্চিত কোনো মত দেননি।
রাজনৈতিক বিভাজনের দিক থেকেও জরিপে বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাট সমর্থকদের প্রায় এক-তৃতীয়াংশ ঘটনাটিকে সাজানো বলে মনে করেন। রিপাবলিকানদের মধ্যে এ ধারণায় বিশ্বাসীর সংখ্যা তুলনামূলক অনেক কম। এছাড়া তরুণদের মধ্যেও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে সরকার ও গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাহীনতার বড় একটি প্রতিফলন। নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, রাজনৈতিক বিভাজনের পাশাপাশি মানুষের মধ্যে মূলধারার তথ্যব্যবস্থার প্রতিও সন্দেহ বাড়ছে। ফলে যাচাইহীন তথ্য ও অনলাইন গুজব দ্রুত বিশ্বাসযোগ্যতা পাচ্ছে।
হোয়াইট হাউস অবশ্য এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, ট্রাম্প নিজেই নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে গণমাধ্যম ও অনলাইন অপপ্রচার নিয়ে গবেষক অধ্যাপক জোয়ান ডনোভান মনে করেন, ট্রাম্পের রাজনৈতিক স্টাইল ও নাটকীয় উপস্থাপনার কারণেও অনেকে বাস্তব ঘটনাকে ‘শো’ বা ‘মঞ্চস্থ নাটক’ হিসেবে দেখতে শুরু করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালেও ট্রাম্পের ওপর দুটি পৃথক হামলার চেষ্টা হয়েছিল—একটি পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে এবং অন্যটি ফ্লোরিডার একটি গলফ ক্লাবে। যদিও এসব ঘটনার সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবুও মার্কিন সমাজের একটি অংশ এখনো সেগুলোকে পরিকল্পিত ঘটনা বলে সন্দেহ করে।
সূত্র: নিউজগার্ড, ইউগভ, রয়টার্স