ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এক্সে দেওয়া একটি পোস্ট ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। পোস্টটি প্রকাশের পর দেখা যায়, প্রথম সংস্করণে শুরুতেই লেখা ছিল— ‘ড্রাফট – পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা’। পরে সেটি সম্পাদনা করে ওই অংশ সরিয়ে দেওয়া হয়। এই একটি শব্দই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় প্রশ্ন তুলে দিয়েছে—বার্তাটি কি আসলেই ইসলামাবাদে লেখা হয়েছিল, নাকি […]
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এক্সে দেওয়া একটি পোস্ট ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। পোস্টটি প্রকাশের পর দেখা যায়, প্রথম সংস্করণে শুরুতেই লেখা ছিল— ‘ড্রাফট – পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা’। পরে সেটি সম্পাদনা করে ওই অংশ সরিয়ে দেওয়া হয়। এই একটি শব্দই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় প্রশ্ন তুলে দিয়েছে—বার্তাটি কি আসলেই ইসলামাবাদে লেখা হয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কূটনৈতিক শক্তি?
পর্যবেক্ষকদের মতে, একজন প্রধানমন্ত্রী বা তার নিজস্ব মিডিয়া টিম সাধারণত নিজেদের বার্তায় এভাবে ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা’ লিখে না। এ কারণেই ধারণা জোরালো হয়েছে, এটি হয়তো বাইরের কোনো পক্ষের তৈরি খসড়া, যা ভুলবশত সম্পাদনার আগেই প্রকাশ হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটি প্রকাশের আগে হোয়াইট হাউস বার্তাটি দেখেছিল এবং এতে কী ভাষা থাকবে, সে বিষয়েও তাদের মতামত ছিল। অর্থাৎ এটি শুধুই একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ছিল না; বরং পেছনে সক্রিয় ছিল উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা স্পষ্ট করেছেন, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বার্তা লেখেননি। কিন্তু বার্তার ভাষা তৈরিতে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
ট্রাম্পের নির্ধারিত আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে শেহবাজ শরিফ এক্সে যুদ্ধ থামানোর আহ্বান জানান। তিনি কূটনৈতিক উদ্যোগ এগিয়ে চলছে বলে উল্লেখ করে ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় বাড়ানোর অনুরোধ করেন।
একই সঙ্গে ইরানের প্রতি আহ্বান জানানো হয়, সদিচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি ওই সময়ের জন্য খুলে দিতে। পোস্টে যুদ্ধরত সব পক্ষকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেনে চলার আহ্বানও ছিল।
বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, প্রকাশ্য পোস্টের পেছনে আরও গভীর কূটনৈতিক তৎপরতা চলছিল। কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ইসলামাবাদকে ব্যবহার করে তেহরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল।
বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়া এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছিল। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে একটি গ্রহণযোগ্য মুসলিম-প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
পরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও পাকিস্তানের যোগাযোগ হয়। এসব তৎপরতার পরই শেহবাজের আলোচিত পোস্টটি আসে।
পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ফলে সমালোচনা থাকলেও, অন্তত স্বল্পমেয়াদে এই বার্তাটি কূটনৈতিকভাবে কার্যকর হয়েছে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, ‘ড্রাফট’ শব্দটি হয়তো একটি সাধারণ সম্পাদনা ভুল ছিল; কিন্তু তা আন্তর্জাতিক কূটনীতির নেপথ্যের যোগাযোগ, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সমন্বয় এবং যুদ্ধ থামানোর শেষ মুহূর্তের প্রচেষ্টাকে অনেকটাই সামনে নিয়ে এসেছে।