ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের নেতৃত্বে শনিবার (৯ মে) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জোটভিত্তিক সমর্থন নিশ্চিত হওয়ার পর বিজয়ের দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোটটির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। ভারতীয় সংবাদমাধ্যম […]
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের নেতৃত্বে শনিবার (৯ মে) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জোটভিত্তিক সমর্থন নিশ্চিত হওয়ার পর বিজয়ের দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোটটির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বিজয়ের দলের সঙ্গে জোটে রয়েছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচ দলের সম্মিলিত আসন সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট হওয়ায় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা ২৩৪টি। এর মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের দল টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও সমর্থনের প্রয়োজন ছিল।
গত বুধবার ও বৃহস্পতিবার চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। সেখানে তিনি সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও প্রথমদিকে প্রয়োজনীয় সমর্থনের পূর্ণ প্রমাণ দেখাতে পারেননি। পরে মিত্রদলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়।
বিজয়কে সমর্থন দেওয়া সিপিআইয়ের রাজ্য সম্পাদক ভীরাপান্দিয়ান বলেন, টিভিকে একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের অধিকার রাখে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়ের রাজনীতিতে উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তার নেতৃত্বে গঠিত সরকারকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।