দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব এবং প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব পরে অবমুক্ত করা হলেও সংশ্লিষ্ট কিছু ব্যক্তির হিসাব এখনো জব্দ রয়েছে। পাশাপাশি […]
ছবি: সংগৃহীত
দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব এবং প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব পরে অবমুক্ত করা হলেও সংশ্লিষ্ট কিছু ব্যক্তির হিসাব এখনো জব্দ রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের লেনদেনের তথ্য চেয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এনবিআর।
ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগে ধীরগতি, উচ্চ সুদহার, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এমনিতেই চাপের মধ্যে রয়েছেন তাঁরা। এর মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা অতীতের ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা হলে নিরপরাধ উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। শ্রমিক অসন্তোষে কারও সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গত ৪ নভেম্বর এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায়। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।
এনবিআরের কর্মকর্তাদের ভাষ্য, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই—এমন ব্যবসায়ীদের নামও রয়েছে।
এনবিআরের নজরদারিতে আসা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় রপ্তানিকারক শিল্পগোষ্ঠী। মণ্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডলসহ একাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে গ্রুপটি প্রায় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ৫০ হাজার শ্রমিক।
এ ছাড়া ওয়েল গ্রুপ, এনভয় গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, তুসুকা গ্রুপ, নিপা গ্রুপ ও গিভেন্সি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লেনদেনও এনবিআরের নজরদারিতে এসেছে।
ব্যাংক হিসাব জব্দ নিয়ে বিজিএমইএর উদ্বেগ
পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন বা অর্থায়নের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কোনো কারখানা মালিক কিংবা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিএমইএ। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, যাচাই-বাছাই শেষে তাঁদের ব্যাংক হিসাব দ্রুত অবমুক্ত করা হবে বলে আশা করছে সংগঠনটি।
আলোচনার পরিপ্রেক্ষিতে শেলটেক গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। মণ্ডল গ্রুপ ও এনভয় গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।
হিসাব খুললেও কাটছে না ব্যবসায়িক শঙ্কা
ব্যবসায়ীদের মতে, ব্যাংক হিসাব অবমুক্ত করলেই সব জটিলতার অবসান হচ্ছে না। হিসাব জব্দ থাকায় কয়েকটি প্রতিষ্ঠানের ঋণপত্র (এলসি) খোলা, ব্যাংকের অনুমোদিত ঋণসীমা ব্যবহার এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা তৈরি হয়েছে। শ্রমিকদের বেতন পরিশোধ ও নিয়মিত উৎপাদন কার্যক্রম চালু রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া বিদেশি ক্রেতাদের কাছে এ ধরনের ঘটনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব খুলে দেওয়া হলেও গত পাঁচ বছরের লেনদেনের তথ্য চেয়ে তদন্ত অব্যাহত থাকায় উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে ব্যাংক হিসাব জব্দের ঘটনা এবং চলমান তদন্তের প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি খাতে কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগ কাটছে না।