যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার আলোচনা নিয়ে গুঞ্জন থাকলেও নিজেদের অবস্থানে আগের চেয়ে অনেক বেশি অনড় ও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের আলোচনার ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রভাব বাড়ায় যেকোনো ফলপ্রসূ আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ছাড় […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার আলোচনা নিয়ে গুঞ্জন থাকলেও নিজেদের অবস্থানে আগের চেয়ে অনেক বেশি অনড় ও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের আলোচনার ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
বর্তমানে দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রভাব বাড়ায় যেকোনো ফলপ্রসূ আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ছাড় দিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে ইরান।
সূত্রগুলো বলছে, আলোচনায় ইরান শুধু যুদ্ধ বন্ধের দাবি তুলবে না, বরং এমন কিছু শর্ত দেবে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মেনে নেওয়া কঠিন হতে পারে।
ইরানের এই শর্তগুলোর মধ্যে রয়েছে— ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ স্বীকৃতি।
এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো ধরনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় বসতেও সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এই বিষয়টি তাদের জন্য এখনো ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত।
আলোচনা নিয়ে দুই পক্ষের অবস্থানে রয়েছে ভিন্নতা। ট্রাম্প দাবি করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে জোরালো আলোচনা চলছে। তবে ইরান প্রকাশ্যে এই দাবি অস্বীকার করেছে।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ বন্ধের বিষয়ে পাকিস্তান, তুরস্ক ও মিশরের সঙ্গে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় একটি সূত্রের দাবি, সরাসরি আলোচনা না হলেও মিশর, পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলো দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে।
এদিকে চলতি সপ্তাহে ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের কথাও শোনা যাচ্ছে। সেখানে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিতে পারেন। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তে আইআরজিসির প্রভাবই নির্ধারক হবে বলে ধারণা করা হচ্ছে।