সংযুক্ত আরব আমিরাতের ডলার-সংকট সামাল দিতে ওয়াশিংটন একটি কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় ব্যবস্থার অনুরোধ বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে আমিরাতের অর্থনীতি চাপের মুখে পড়েছে, আর সেই কারণেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা চেয়েছে। ট্রাম্প এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। তিনি বলেন, আমিরাতের মতো […]
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের ডলার-সংকট সামাল দিতে ওয়াশিংটন একটি কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় ব্যবস্থার অনুরোধ বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে আমিরাতের অর্থনীতি চাপের মুখে পড়েছে, আর সেই কারণেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা চেয়েছে।
ট্রাম্প এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। তিনি বলেন, আমিরাতের মতো ধনী দেশের সাহায্য চাওয়া শুনে তিনি কিছুটা বিস্মিত হয়েছেন, তবে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। তার ভাষায়, “তারা আমাদের ভালো বন্ধু।” তিনি আরও ইঙ্গিত দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র মিত্র দেশটিকে আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত।
এ বিষয়ে রোববার থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানা আলোচনার খবর আসছিল। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কারেন্সি সোয়াপ লাইন নিয়ে আলোচনা করেছিলেন। ইউএইর আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের বৈদেশিক মুদ্রা পরিস্থিতি আরও চাপের মুখে পড়তে পারে।
এই আর্থিক আলোচনা এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত অস্থিরতা আঞ্চলিক অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। তেলসমৃদ্ধ হলেও আমিরাতের মতো বাণিজ্যকেন্দ্রিক অর্থনীতির জন্য ডলার তারল্য ধরে রাখা এখন বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে।
একই সঙ্গে আমিরাতে ইরানি নাগরিকদের গ্রেপ্তারকে কেন্দ্র করে তেহরান-আবুধাবি সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব গ্রেপ্তারকে ভিত্তিহীন বলে আখ্যা দেন এবং মানবাধিকার ও সুপ্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান।
আবুধাবি অবশ্য পাল্টা দাবি করে বলেছে, তারা ইরান-সংশ্লিষ্ট একটি দলকে আটক করেছে, যারা নাশকতার পরিকল্পনা করছিল। ফলে আর্থিক সহায়তার আলোচনা ও নিরাপত্তা ইস্যু—দুটোই এখন আমিরাত-ইরান সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।