তামিলনাড়ুর সচিবালয়ে বহু দশকের পুরোনো একটি দৃশ্য ছিল বড় কর্মকর্তাদের চেয়ারে সাদা তোয়ালে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রেওয়াজকে অনেকে ক্ষমতা ও আমলাতান্ত্রিক দূরত্বের প্রতীক হিসেবে দেখেন। এবার সেই প্রথা থেকে সরে এলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। গত ১০ মে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। এবার […]
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর সচিবালয়ে বহু দশকের পুরোনো একটি দৃশ্য ছিল বড় কর্মকর্তাদের চেয়ারে সাদা তোয়ালে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রেওয়াজকে অনেকে ক্ষমতা ও আমলাতান্ত্রিক দূরত্বের প্রতীক হিসেবে দেখেন। এবার সেই প্রথা থেকে সরে এলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
গত ১০ মে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। এবার তার দপ্তরের একটি ছোট পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে আর দেখা যাচ্ছে না সেই পরিচিত সাদা তোয়ালে।
ঘটনার শুরু সমাজকর্মী লিসিপ্রিয়া কাঞ্জুগামের একটি পোস্ট থেকে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘সরকারি অফিসে চেয়ারে সাদা তোয়ালে পাতা এখনও ঔপনিবেশিক মানসিকতার প্রতীক। শুধু মন্ত্রীরা নয়, অনেক উচ্চপদস্থ আমলাদের ঘরেও এই প্রথা চলছে।’
তিনি নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে আবেদন জানান, ‘এই রেওয়াজ বন্ধ করে সাধারণ মানুষের সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’
এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিবর্তনটি চোখে পড়ে। ১৫ মে সচিবালয়ে প্রশাসনিক বৈঠকে বিজয়ের চেয়ারে আর কোনো সাদা তোয়ালে দেখা যায়নি। পরে প্রকাশিত ছবিতেও দেখা যায়, মুখ্যমন্ত্রীর চেয়ার একেবারেই সাধারণ অবস্থায় রয়েছে।
এখনও সরকারিভাবে কোনো নির্দেশনা বা বিবৃতি দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ‘প্রতীকী কিন্তু শক্তিশালী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।
অনেকে মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর বার্তা দেওয়া হয়েছে।
লিসিপ্রিয়া কাঞ্জুগামও পরে বিজয়কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে তিনি সঠিক পদক্ষেপ নিয়েছেন।’
ইতিহাসবিদদের মতে, ব্রিটিশ আমলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ মর্যাদা ও আরামের প্রতীক হিসেবেই চেয়ারে সাদা তোয়ালে ব্যবহারের প্রচলন শুরু হয়েছিল। স্বাধীনতার বহু বছর পরেও সেই সংস্কৃতি অনেক সরকারি দপ্তরে টিকে ছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, থালাপতি বিজয়ের এই পদক্ষেপ শুধু আসবাবের পরিবর্তন নয়, বরং প্রশাসনিক সংস্কৃতিতে নতুন বার্তা দেওয়ার একটি প্রতীকী উদ্যোগ।