ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের অবকাঠামো ও শিল্প খাতে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা। মঙ্গলবার তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে ইরান সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ক্ষতির এই হিসাব এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের […]
ছবি: সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের অবকাঠামো ও শিল্প খাতে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা।
মঙ্গলবার তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে ইরান সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ক্ষতির এই হিসাব এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের এবং পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে অঙ্ক আরও বাড়তে পারে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি জানান, হামলায় ধ্বংসপ্রাপ্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসান—সব মিলিয়ে এই বিশাল ক্ষতির হিসাব তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে।
যদিও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে বিদ্যমান যুদ্ধবিরতি ভেঙে গেলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ক্ষয়ক্ষতির এই অঙ্ক শুধু সামরিক হামলার তাৎক্ষণিক প্রভাব নয়, বরং ইরানের শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ ও সামগ্রিক অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপেরও ইঙ্গিত দিচ্ছে।