যুদ্ধবিরতির সময়েও সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থেমে থাকলেও ইরান নতুন নতুন লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ করেছে এবং সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে।মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ হয়ে গেছে বলে মনে করছে না। তাই যুদ্ধবিরতির সময়ও বাহিনী পূর্ণ […]
যুদ্ধবিরতির মধ্যে সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে ইরানের সামরিক বাহিনী। ছবি: তাসনিম নিউজ এজেন্সি
যুদ্ধবিরতির সময়েও সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থেমে থাকলেও ইরান নতুন নতুন লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ করেছে এবং সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে।
মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ হয়ে গেছে বলে মনে করছে না। তাই যুদ্ধবিরতির সময়ও বাহিনী পূর্ণ প্রস্তুতির মধ্যেই রয়েছে।
আকরামিনিয়া জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যখনই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই সেনাবাহিনী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ, সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা বিশ্লেষণের কাজ চালিয়ে গেছে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সামরিক সরঞ্জামের উৎপাদন ও মানোন্নয়নও করা হয়েছে। তার ভাষায়, ইরানের জন্য পরিস্থিতি এখনো কার্যত যুদ্ধকালীন অবস্থার মতোই রয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, নজরদারি, পর্যবেক্ষণ এবং নতুন সরঞ্জাম সংযোজনের কার্যক্রম কোনো বিরতি ছাড়াই চলছে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবারও কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে শত্রুপক্ষকে ইরানের নতুন সামরিক প্রযুক্তি, কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে হবে।