রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে বর্তমানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে বর্তমানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই অবস্থায় রোগীদের তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১৫ জুন হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও আদ্-দ্বীন কর্তৃপক্ষ সরকারের কাছে এ বিষয়ে আপিল করবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
আবেদনে জানানো হয়, হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ এবং সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন এবং এনআইসিইউতে ৪৩ জন নবজাতক চিকিৎসাধীন রয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং বিভিন্ন কেবিনে আরও ৮ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসাধীন রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ছয়টি হাসপাতালকে নির্দেশনা দিলেও অনেক রোগীর স্বজন তাৎক্ষণিক স্থানান্তরকে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল বলে মনে করছেন। এ কারণে মানবিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ আপাতত স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালু রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আবেদনে বলা হয়েছে, অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমবে।
উল্লেখ্য, গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।