মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং সতর্ক করেছে, এই আগ্রাসন পুরো অঞ্চলকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং সতর্ক করেছে, এই আগ্রাসন পুরো অঞ্চলকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলে চীনের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন সবসময় দৃঢ় সমর্থন জানাবে।
ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, জাতিসংঘ সনদের নীতি উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি জানান, এই সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গঠনমূলক উদ্যোগ নিতে প্রস্তুত চীন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে আলোচনায় তিনি বৈশ্বিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওয়াং ই বলেন, সামরিক শক্তির ভিত্তিতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বিশ্বকে বিপজ্জনক এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর টেকসই সমাধান কেবল রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। যুদ্ধ ও শক্তি প্রয়োগ কোনো সংকটের স্থায়ী সমাধান দিতে পারে না।