সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৫৬ অপরাহ্ন, ২৪ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২০ আগস্ট […]

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন।

সিআইডির রিমান্ড আবেদনে তিনটি কারণ তুলে ধরা হয়েছে। তদন্ত কর্মকর্তার মতে, মামলাটি দীর্ঘদিনের আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা। ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্যও তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে ডনকে ‘অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে সিআইডি। তদন্ত কর্মকর্তার দাবি, তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কী কারণে, কীভাবে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে বলা হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সেদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলাটি গত বছর ২০ অক্টোবর রমনা থানায় দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফা হক লুসি, আশরাফুল হক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তী সময়ে ঘটনাটি হত্যা হিসেবে তদন্তের দাবি ওঠে। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়।

এখন ডনের রিমান্ড আবেদনের শুনানির দিকে নজর রয়েছে। আগামী ২৭ আগস্ট আদালত সিআইডির আবেদন মঞ্জুর করবেন কি না, সেই সিদ্ধান্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ