মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি তিনি স্থায়ীভাবে উন্মুক্ত করে দিয়েছেন। তাঁর ভাষায়, এই সিদ্ধান্তে চীনও সন্তুষ্ট হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না এবং এ ধরনের অচলাবস্থার পুনরাবৃত্তি হবে না। ট্রাম্প আরও […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি তিনি স্থায়ীভাবে উন্মুক্ত করে দিয়েছেন। তাঁর ভাষায়, এই সিদ্ধান্তে চীনও সন্তুষ্ট হয়েছে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না এবং এ ধরনের অচলাবস্থার পুনরাবৃত্তি হবে না।
ট্রাম্প আরও দাবি করেন, চীন ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর আসন্ন বৈঠক নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।
তবে ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের বদলে নতুন করে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেখা দিয়েছে। এর আগে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু লোহিত সাগর নয়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরেও বাণিজ্য অচল করে দেওয়া হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত হলে তা চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ধরা হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এই প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।