সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৯ অপরাহ্ন, ১৩ আগস্ট ২০২৬

অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে ‘আওয়ারাপন ২’, সানি দেওলের ছবির সামনে কঠিন লড়াই

ভারতের স্বাধীনতা দিবসের ছুটিকে সামনে রেখে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ও সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। আগামীকাল (১৪ আগস্ট) মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটির লড়াই মুক্তির আগেই জমে উঠেছে। তবে অগ্রিম বুকিংয়ের হিসাবে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার দেওয়া তথ্য অনুযায়ী, […]

অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে ‘আওয়ারাপন ২’, সানি দেওলের ছবির সামনে কঠিন লড়াই
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারতের স্বাধীনতা দিবসের ছুটিকে সামনে রেখে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ও সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। আগামীকাল (১৪ আগস্ট) মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটির লড়াই মুক্তির আগেই জমে উঠেছে। তবে অগ্রিম বুকিংয়ের হিসাবে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার দেওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রিতে ‘আওয়ারাপন ২’ স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর জনপ্রিয়তা এবং ইমরান হাশমির দীর্ঘদিনের ভক্তগোষ্ঠী নতুন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত ‘আওয়ারাপন ২’-এর প্রায় ৬৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। বিপরীতে সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ বিক্রি করেছে প্রায় ৩৭ হাজার ৬০০ টিকিট। অর্থাৎ অগ্রিম বুকিংয়ে ইমরান হাশমির সিনেমাটি প্রায় ৮১ শতাংশ এগিয়ে রয়েছে।

অগ্রিম টিকিট বিক্রির এই চিত্র থেকে ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসার সম্ভাবনা তৈরি করেছে ‘আওয়ারাপন ২’। অন্যদিকে ‘বাঁটওয়ারা ১৯৪৭’-কে ভালো উদ্বোধনী আয় পেতে প্রেক্ষাগৃহে সরাসরি টিকিট কেনা দর্শকদের ওপর বেশি নির্ভর করতে হতে পারে।

জাতীয় পর্যায়ের মাল্টিপ্লেক্সগুলোতেও দুই সিনেমার অগ্রিম বুকিংয়ে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। সেখানে এখন পর্যন্ত ‘আওয়ারাপন ২’-এর প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। বিপরীতে ‘বাঁটওয়ারা ১৯৪৭’-এর বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার টিকিট।

মুক্তির আগে এই ব্যবধান আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। তাদের মতে, শেষ পর্যন্ত দুই সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ব্যবধান এক লাখ থেকে এক লাখ ৩০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে।

বক্স অফিস বিশ্লেষক সুমিত কাদেলও ‘আওয়ারাপন ২’-এর সম্ভাবনা নিয়ে আশাবাদী। তার পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১৩ থেকে ১৬ কোটি রুপি নিট আয় করতে পারে। একক পর্দার প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভালো সাড়া মিললে এই আয় ২০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করছেন তিনি।

সুমিত কাদেলের হিসাবে, প্রথম সপ্তাহান্তে ‘আওয়ারাপন ২’ ৫০ থেকে ৬০ কোটি রুপি পর্যন্ত ব্যবসা করতে পারে। অন্যদিকে সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ প্রথম দিনে ৭ থেকে ৯ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে মুক্তির আগের অগ্রিম বুকিংয়ের হিসাবই যে চূড়ান্ত ফল নির্ধারণ করে না, সেটিও মনে করছেন বিশ্লেষকেরা। রমেশ বালার মতে, মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন সিনেমা কতটা সফল হবে।

স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটিও দুই সিনেমার জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে। সানি দেওলের জনপ্রিয়তা এবং পারিবারিক দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা শেষ মুহূর্তে ‘বাঁটওয়ারা ১৯৪৭’-এর পক্ষে পরিস্থিতি বদলে দিতে পারে। অন্যদিকে ‘আওয়ারাপন ২’-এর ক্ষেত্রে পুরোনো সিনেমার নস্টালজিয়া ও ইমরান হাশমির ভক্তদের আগ্রহ বড় ভূমিকা রাখতে পারে।

তবে মুক্তির ঠিক আগ মুহূর্তে অগ্রিম বুকিংয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’। এখন দেখার বিষয়, এই আগাম সাড়া কতটা বক্স অফিস সাফল্যে রূপ নেয় এবং ‘বাঁটওয়ারা ১৯৪৭’ মুক্তির পর দর্শকদের সাড়া দিয়ে কতটা ব্যবধান কমাতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ