সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:০৩ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী, আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি, ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ৩৬ দিনের আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই দিনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি […]

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী, আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি, ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ৩৬ দিনের আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই দিনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তার পদত্যাগ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার প্রহ্লাদ জোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়। তিনি বর্তমানে খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। ফলে এখন থেকে তিনি একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

সাম্প্রতিক সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দীর্ঘ আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শনিবার সন্ধ্যায় দিল্লিতে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের একাধিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সদিচ্ছার ভিত্তিতে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে।

সিজেপির আরেক নেতা আশুতোষ রাঙ্কা বলেন, টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের মূল দাবিগুলো মেনে নিয়েছে। তার ভাষায়, আন্দোলনের দাবিগুলো ছিল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেগুলো কোনোভাবেই অযৌক্তিক ছিল না।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগের আহ্বান জানায় পুলিশ। দীর্ঘদিনের এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছিল এবং কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

সৌরভ দাস আরও জানান, সিজেপি প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে দেওয়া পাঁচ দফা প্রস্তাবও সরকার বিবেচনায় নিয়েছে। এ বিষয়ে প্রায় চার সপ্তাহ পর আবার বৈঠক হবে।

তিনি বলেন, গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির পর দিল্লিসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহারের বিষয়ে সরকার সম্মত হয়েছে। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নতুন মন্ত্রী নিয়োগ এবং আন্দোলন প্রত্যাহারের মধ্য দিয়ে আপাতত ভারতের সাম্প্রতিক শিক্ষা সংকটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ