বিশ্বের অন্যতম বৃহৎ নগরী মেক্সিকো সিটি ভয়াবহ হারে ভূমিধসের কবলে পড়ছে। শহরের এই পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে তা এখন মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উন্নত রাডার প্রযুক্তিতে ধারণ করা সাম্প্রতিক চিত্রে দেখা গেছে, শহরের কিছু অংশ প্রতি মাসে অর্ধ ইঞ্চিরও বেশি নিচে নেমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ কারণে মেক্সিকো […]
ফাইল ছবি
বিশ্বের অন্যতম বৃহৎ নগরী মেক্সিকো সিটি ভয়াবহ হারে ভূমিধসের কবলে পড়ছে। শহরের এই পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে তা এখন মহাকাশ থেকেও দেখা যাচ্ছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উন্নত রাডার প্রযুক্তিতে ধারণ করা সাম্প্রতিক চিত্রে দেখা গেছে, শহরের কিছু অংশ প্রতি মাসে অর্ধ ইঞ্চিরও বেশি নিচে নেমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ কারণে মেক্সিকো সিটি বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া রাজধানীগুলোর একটি হয়ে উঠেছে।
প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই শহরটি একসময় একটি প্রাচীন হ্রদের ওপর গড়ে উঠেছিল। এখানকার ভূগর্ভস্থ জলাধার থেকেই পানীয় জলের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করা হয়। কিন্তু বছরের পর বছর ধরে অতিরিক্ত পানি তোলার ফলে সেই জলাধার দুর্বল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে মাটির স্থিতিশীলতার ওপর।
বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় মাটির উপরিভাগ ধীরে ধীরে বসে যাচ্ছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত নগরায়ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নতুন ভবন, সড়ক ও অবকাঠামোর চাপ কাদামাটিসমৃদ্ধ ভূখণ্ডকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
এ ধরনের ভূমিধসের সমস্যা মেক্সিকো সিটিতে নতুন নয়। ইতিহাসে দেখা যায়, ১৯২০-এর দশকেই এ বিষয়ে প্রথম নথিভুক্ত তথ্য পাওয়া যায়। এরপর থেকে শহরের বাসিন্দাদের ভাঙাচোরা রাস্তা, হেলে পড়া ভবন এবং ক্ষতিগ্রস্ত রেললাইনসহ নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি ইসরোর ও নাসার যৌথ উদ্যোগে তৈরি নিসার স্যাটেলাইটের তথ্য পরিস্থিতির ভয়াবহতা আরও পরিষ্কার করেছে। উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে এই স্যাটেলাইট মাটির সূক্ষ্ম পরিবর্তনও ধরতে সক্ষম।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শুষ্ক মৌসুমে করা পর্যবেক্ষণে দেখা গেছে, শহরের কিছু অংশ প্রতি মাসে প্রায় শূন্য দশমিক আট ইঞ্চি পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। বার্ষিক হিসাবে যা প্রায় সাড়ে নয় ইঞ্চির সমান।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি শহরের বিখ্যাত প্রতীক অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভও এই ভূমিধসের প্রভাব থেকে রেহাই পায়নি। ভূমি বসে যাওয়ার কারণে এর ভিত্তিতে অতিরিক্ত সিঁড়ি যোগ করতে হয়েছে।
নিসার প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকদের মতে, মেক্সিকো সিটি দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে নতুন স্যাটেলাইট তথ্য শুধু এই শহরের অবস্থা নয়, বরং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবর্তন বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভূমিধসের পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে হিমবাহের গতি, কৃষিজমির পরিবর্তন এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো নানা প্রাকৃতিক ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তথ্যসূত্র: সিএনএন