দীর্ঘ দুই বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন রণবীর সিং। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ধুরন্ধর। ২০২৩ সালের জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত রকি অউর রানি কি প্রেম কাহানি ছিল রণবীরের শেষ সিনেমা, যা বিশ্বব্যাপী প্রায় ৩৪৭.৫০ কোটি রুপি আয় করেছিল। ফলে নতুন ছবিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা, ছবির পরিসর, গল্প এবং মুক্তির […]
দীর্ঘ দুই বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন রণবীর সিং। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ধুরন্ধর। ২০২৩ সালের জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত রকি অউর রানি কি প্রেম কাহানি ছিল রণবীরের শেষ সিনেমা, যা বিশ্বব্যাপী প্রায় ৩৪৭.৫০ কোটি রুপি আয় করেছিল। ফলে নতুন ছবিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা, ছবির পরিসর, গল্প এবং মুক্তির আগের বিতর্ক—সব মিলিয়ে উত্তেজনা চরমে।
পরিবারকেন্দ্রিক সিনেমার পর এবার রণবীর হাজির হচ্ছেন একটি ডার্ক অ্যাকশন থ্রিলার নিয়ে। আদিত্য ধর পরিচালিত ছবিটির কাহিনী করাচির অপরাধজগত এবং এক রহস্যময় ভ্রমণকারীকে কেন্দ্র করে, যে আইএসআই ও আন্ডারওয়ার্ল্ডের বিপজ্জনক নেটওয়ার্ক ভেঙে দেয়। এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের দীর্ঘতম চলচ্চিত্র—৩ ঘণ্টা ৩০ মিনিট। কেন্দ্রীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।
তবে মুক্তির আগেই ছবিটি বিতর্কে জড়িয়ে পড়ে। শহিদ মেজর মোহিত শর্মার পরিবার অভিযোগ তোলে যে ধুরন্ধর নাকি তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত, এবং তারা ছবির মুক্তি স্থগিতের আবেদন করেন দিল্লি হাইকোর্টে। পরবর্তী সময়ে পরিচালক আদিত্য ধর স্পষ্ট করে জানান যে ছবির সঙ্গে মেজর শর্মার জীবনের কোনো সম্পর্ক নেই। আদালতও মুক্তি স্থগিতের আবেদন নাকচ করে।
বক্স অফিসে প্রত্যাশা বেশ আশাব্যঞ্জক। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, রণবীর সিংয়ের তারকাত্বের কারণে প্রথম দিনেই ছবিটি ২৫ কোটি রুপির মতো আয় করতে পারে। অগ্রিম বুকিং ইতোমধ্যে আলোচনায় এসেছে; স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি প্রায় ৪৫.১৭ লাখ রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। মুম্বাইয়ের আইনক্স ম্যাশনে সবচেয়ে দামি আসন বিক্রি হচ্ছে ২,০২০ রুপিতে।