চরম আর্থিক সংকটে পড়ে কার্যত অচল হওয়ার ঝুঁকিতে রয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো দ্রুত বকেয়া চাঁদা পরিশোধ না করলে এবং প্রচলিত আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার না আনলে জাতিসংঘ অচিরেই গভীর সংকটে নিমজ্জিত হবে। সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মহাসচিব জানান, চলমান আর্থিক ব্যবস্থাপনা বর্তমান বাস্তবতায় টেকসই নয়। বকেয়া […]
ছবি: সংগৃহীত
চরম আর্থিক সংকটে পড়ে কার্যত অচল হওয়ার ঝুঁকিতে রয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো দ্রুত বকেয়া চাঁদা পরিশোধ না করলে এবং প্রচলিত আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার না আনলে জাতিসংঘ অচিরেই গভীর সংকটে নিমজ্জিত হবে।
সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মহাসচিব জানান, চলমান আর্থিক ব্যবস্থাপনা বর্তমান বাস্তবতায় টেকসই নয়। বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থতা এবং কাঠামোগত দুর্বলতার কারণে জাতিসংঘের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।
জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান হক পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, তহবিলের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে তাদের বকেয়া পরিশোধ করতে হবে। অন্যথায় সংস্থার সামনে কার্যক্রম চালিয়ে যাওয়ার আর কোনো বাস্তব বিকল্প থাকবে না। তিনি জানান, আগের বছরগুলোর মতো সংকট সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত নগদ অর্থ বা তারল্য এখন জাতিসংঘের হাতে নেই।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ সদস্য রাষ্ট্রগুলোর কাছে জাতিসংঘের মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ১ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। যদিও কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে এই সংকটের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জাতিসংঘ সংস্থা থেকে অর্থায়ন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় এবং বিকল্প বৈশ্বিক উদ্যোগের কথা বলায় সংকট আরও তীব্র হয়েছে।
মানবাধিকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রভাবশালী দেশগুলোর এমন অনাগ্রহ আন্তর্জাতিক আইন প্রয়োগ ও মানবাধিকার সুরক্ষার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। বর্তমানে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও ঋণ গ্রহণের সক্ষমতা বিবেচনায় বার্ষিক চাঁদার হার নির্ধারণ করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২২ শতাংশ এবং চীন প্রায় ২০ শতাংশ অর্থায়ন করে থাকে।
মহাসচিব তার চিঠিতে আরও সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের হাতে থাকা নগদ অর্থ পুরোপুরি ফুরিয়ে যেতে পারে। তিনি দীর্ঘদিনের একটি আর্থিক নিয়মের সমালোচনা করে বলেন, প্রতি বছর অব্যবহৃত অর্থ সদস্য দেশগুলোকে ফেরত দেওয়ার যে প্রথা চালু আছে, তা এখন সম্পূর্ণ অবাস্তব। পর্যাপ্ত তহবিল না থাকা সত্ত্বেও অর্থ ফেরত দেওয়ার এই ব্যবস্থা সংস্থাটিকে এক ধরনের দুষ্টচক্রে আটকে ফেলেছে।
বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের জন্য নির্ধারিত চাঁদা সম্পূর্ণ পরিশোধ করেছে। এই চিত্র জাতিসংঘের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা