বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং ঘিরে নরসিংদীতে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ধাক্কাধাক্কি ও ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শুটিং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং ঘিরে নরসিংদীতে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ধাক্কাধাক্কি ও ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
বুধবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শুটিং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রামনগর হাই স্কুল মাঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও গেটে ছিল চরম ভিড় ও বিশৃঙ্খলা। নারী, শিশু ও আমন্ত্রিত অতিথিদেরও ঠেলাঠেলি করে ভেতরে ঢুকতে হয়েছে। এই সুযোগে সংঘবদ্ধ একটি চক্র মোবাইল ফোন চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকও রয়েছেন। কয়েকজন সাংবাদিক জানান, গেট পার হওয়ার পর তারা বুঝতে পারেন তাদের মোবাইল ফোন নেই। পরে আরও বহু মানুষ একই অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান।
স্থানীয় সূত্র বলছে, প্রায় তিন হাজার মানুষের জন্য আসন নির্ধারণ করা হলেও অনুষ্ঠানে কয়েক হাজার অতিরিক্ত মানুষ প্রবেশ করেন। অনেকে দেয়াল টপকে ও বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন, এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একজন সাংবাদিক অভিযোগ করেন, গেটে দীর্ঘ সময় বিশৃঙ্খলা চললেও নিরাপত্তায় থাকা পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ঘটনাস্থলে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠান উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। তিনি জানান, মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং থানায় সাধারণ ডায়েরি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।