সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪০ অপরাহ্ন, ৮ মে ২০২৬

ইরানকে ড্রোন সহায়তায় আমেরিকানদের হত্যার ছক, রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ড্রোন সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। বিশেষ করে জ্যাম-প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সক্ষমতা বাড়াতে রাশিয়া ইরানকে গোপনে সহায়তার পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ ইরানকে উন্নতমানের ফাইবার-অপটিক ড্রোন ও স্যাটেলাইট-নিয়ন্ত্রিত […]

ইরানকে ড্রোন সহায়তায় আমেরিকানদের হত্যার ছক, রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ড্রোন সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। বিশেষ করে জ্যাম-প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সক্ষমতা বাড়াতে রাশিয়া ইরানকে গোপনে সহায়তার পরিকল্পনা করেছিল।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ ইরানকে উন্নতমানের ফাইবার-অপটিক ড্রোন ও স্যাটেলাইট-নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন সরবরাহের প্রস্তাব দেয়। শুধু অস্ত্র নয়, এসব ড্রোন পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনাও করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া ১০ পৃষ্ঠার একটি নথিতে ছয়টি সামরিক ডায়াগ্রাম ও ইরানের উপকূলীয় দ্বীপগুলোর মানচিত্র অন্তর্ভুক্ত ছিল। যদিও নথিতে নির্দিষ্ট তারিখ নেই, বিশ্লেষকদের ধারণা এটি যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি করা হয়। সে সময় আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিতে বা খারগ দ্বীপ দখলে সামরিক অভিযান চালাতে পারে।

নথি অনুযায়ী, রাশিয়া ইরানকে পাঁচ হাজার স্বল্পপাল্লার ফাইবার-অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দেয়। এসব ড্রোন বেতার তরঙ্গের পরিবর্তে ফাইবার-অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় ইলেকট্রনিক জ্যামিং প্রায় অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে পরিচালিত দূরপাল্লার ড্রোনের কথাও উল্লেখ রয়েছে। এসব ড্রোন শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গভীর এলাকায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনে রাশিয়া একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সরবরাহ লাইন লক্ষ্যবস্তু করেছিল।

তবে পরে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক অনুমোদনহীন স্টারলিংক সংযোগ সীমিত করে দিলে রুশ বাহিনীর সেই সুবিধা কমে যায়। নথিতে ইঙ্গিত দেওয়া হয়, মধ্যপ্রাচ্যে একই ধরনের সীমাবদ্ধতা না থাকলে এই প্রযুক্তি আরও কার্যকর হতে পারে।

প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ১০ হাজার ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের চিন্তাও ছিল। পাশাপাশি তাজিক ও সিরিয়ার আলাউই সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়, কারণ তারা রুশ ও পার্সি—দুই ভাষাতেই দক্ষ।

জিআরইউর মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি খুলে দিতে বা খারগ দ্বীপে অভিযান চালায়, তাহলে ধীরগতির মার্কিন ল্যান্ডিং ক্রাফটগুলো ড্রোন হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। নথির একটি ডায়াগ্রামে দেখানো হয়, কীভাবে ১৫ থেকে ৩০ কিলোমিটার দূর থেকে একসঙ্গে কয়েকটি ড্রোন ব্যবহার করে নৌযানে হামলা চালানো সম্ভব।

আঞ্চলিক গোয়েন্দা সূত্রগুলোর মতে, নথিটির সত্যতা পুরোপুরি যাচাই না হলেও এর তথ্যগুলোকে যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। রুশ গোয়েন্দা সংস্থাবিষয়ক বিশ্লেষক ক্রিস্টো গ্রোজেভের মতে, এটি ইরানকে সহায়তায় রাশিয়ার আগ্রহ এবং দুই দেশের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার আরও একটি ইঙ্গিত।

এর আগে পশ্চিমা গোয়েন্দারা অভিযোগ করেছিল, রাশিয়া ইরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ২০২২ সালে ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন কেনার পর রাশিয়া নিজস্ব সংস্করণও তৈরি শুরু করে। রুশ সংস্করণের ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে বেশি সক্ষম এবং ভারী বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।

তবে প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে যে, ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের কারণে রাশিয়া নিজেও সামরিক ও অর্থনৈতিক চাপে রয়েছে। ফলে ইরানকে বড় পরিসরে সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত হতে পারে।

তারপরও বিশ্লেষকদের মতে, সীমিত সহায়তাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক অভিযানকে আরও জটিল ও ব্যয়বহুল করে তুলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ