সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৬ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার মতে, এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য ওয়াশিংটনের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং আলোচনায় ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।সোমবার (২৭ এপ্রিল) উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, বক্তব্যে মের্ৎস বলেন, ইরানি নেতৃত্ব কৌশলী […]

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার মতে, এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য ওয়াশিংটনের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং আলোচনায় ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, বক্তব্যে মের্ৎস বলেন, ইরানি নেতৃত্ব কৌশলী ভূমিকা পালন করছে এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এক ধরনের চাপের মুখে রয়েছে।
তিনি আরও বলেন, পুরো একটি মার্কিন জাতি ইরানের কৌশলের কারণে বিব্রত অবস্থায় পড়েছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কীভাবে এই সংঘাত থেকে বেরিয়ে আসবে, তা এখনও স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে জরুরি এবং ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থে আলোচনার পথ বেছে নেওয়া।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং এ পরিস্থিতিতে সংলাপের সুযোগ কাজে লাগানো প্রয়োজন।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর জার্মানি স্পষ্ট করে জানায়, তারা এ ধরনের অভিযানে অংশ নেবে না এবং কোনো দেশে শাসন পরিবর্তনের উদ্যোগকেও সমর্থন করবে না।
ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে, তবে সেই পরিবর্তন অবশ্যই দেশটির জনগণের মাধ্যমেই আসতে হবে। কোনো বাহ্যিক হস্তক্ষেপে নয়।
তিনি আরও উল্লেখ করেন, জার্মানি এই যুদ্ধে জড়াবে না এবং ভবিষ্যতেও এ ধরনের সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার পরিকল্পনা নেই। একই সঙ্গে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরান সংশ্লিষ্ট সংঘাতে জড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এমনকি সহায়তা না করলে সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি। তবে জার্মানি এ ধরনের অবস্থানের সঙ্গে একমত নয় বলেই জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ