ইরানের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পরই ওয়াশিংটন ও তেল আবিব হামলার তীব্রতা বাড়িয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সম্মত না হলে ইরানের বিরুদ্ধে কঠোর […]
ছবি: সংগৃহীত
ইরানের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পরই ওয়াশিংটন ও তেল আবিব হামলার তীব্রতা বাড়িয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সম্মত না হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
ইরানের আলবোরজ প্রদেশের একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রদেশটির ডেপুটি গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দর লক্ষ্য করেও পৃথক বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
বেসামরিক এলাকায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটির দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৭টি বেসামরিক এলাকা হামলার শিকার হয়েছে। নিরস্ত্র মানুষের ওপর এমন হামলাকে তারা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরও বলা হয়েছে, দেশজুড়ে রাতভর চলা হামলার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।