ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠকের তথ্য প্রকাশ করে নেতৃত্বে বিভক্তির জল্পনা নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে ভাঙনের দাবি করছে, ঠিক তখনই ঐক্যের বার্তা দিল তেহরান।বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির সঙ্গে তার প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয়েছে। বৈঠকে ‘বিশ্বাস, শান্ত পরিবেশ, ঐক্য […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠকের তথ্য প্রকাশ করে নেতৃত্বে বিভক্তির জল্পনা নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে ভাঙনের দাবি করছে, ঠিক তখনই ঐক্যের বার্তা দিল তেহরান।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির সঙ্গে তার প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয়েছে। বৈঠকে ‘বিশ্বাস, শান্ত পরিবেশ, ঐক্য ও সরাসরি আলোচনার’ সুযোগ তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর এই প্রথম প্রেসিডেন্টের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকের তথ্য প্রকাশ্যে এলো।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা দাবি করেছিলেন, ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সম্প্রতি বলেন, ইরানের নেতৃত্ব কাঠামোতে ভাঙনের লক্ষণ রয়েছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কিছু সামরিক সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পদত্যাগের কথাও বিবেচনা করেছিলেন। তবে প্রেসিডেন্টের দপ্তর এসব খবরকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে আইআরজিসির প্রভাব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় সামরিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক সিনা তুসি বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানের নেতৃত্ব আরও নিরাপত্তাকেন্দ্রিক হয়ে উঠেছে এবং তারা হরমুজ প্রণালিকে কৌশলগত প্রতিরোধের বড় হাতিয়ার হিসেবে দেখছে।
এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে তারা স্পষ্ট করেছেন, ইরান এমন কোনো চুক্তিতে যাবে না যা আত্মসমর্পণের সমতুল্য।
চীন সফর শেষে আরাঘচি বলেন, যুদ্ধের পরের ইরান আগের ইরান নয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে দেশটি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে যাচ্ছে। ইরান বলছে, সীমিত ছাড় দেওয়া সম্ভব হলেও তারা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করবে না।
বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে সরাসরি যুদ্ধের বদলে নিয়ন্ত্রিত উত্তেজনা এবং মাঝেমধ্যে কূটনৈতিক আলোচনার ধারা অব্যাহত থাকতে পারে।