সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:০০ পূর্বাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

ইরানের সিদ্ধান্ত এখন নিচ্ছে কারা, নেতৃত্বে কি বদলে গেছে ক্ষমতার কেন্দ্র?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের রাষ্ট্র পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইসলামি বিপ্লবের পর থেকে দেশটির সর্বোচ্চ নেতার নির্দেশই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ক্ষমতার বড় অংশ ধীরে ধীরে সামরিক ও নিরাপত্তা বলয়ের হাতে কেন্দ্রীভূত হচ্ছে বলে দাবি করেছেন একাধিক কর্মকর্তা ও বিশ্লেষক। বার্তা সংস্থা […]

ইরানের সিদ্ধান্ত এখন নিচ্ছে কারা, নেতৃত্বে কি বদলে গেছে ক্ষমতার কেন্দ্র?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের রাষ্ট্র পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইসলামি বিপ্লবের পর থেকে দেশটির সর্বোচ্চ নেতার নির্দেশই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ক্ষমতার বড় অংশ ধীরে ধীরে সামরিক ও নিরাপত্তা বলয়ের হাতে কেন্দ্রীভূত হচ্ছে বলে দাবি করেছেন একাধিক কর্মকর্তা ও বিশ্লেষক।

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা বিভিন্ন সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব কাঠামোতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা করা হলেও তিনি নিজেও হামলায় গুরুতর আহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তার পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে জানা যায়।

নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে তিনি সরাসরি উপস্থিত না থেকে সীমিত অডিও সংযোগ এবং আইআরজিসির ঘনিষ্ঠ সহকারীদের মাধ্যমে যোগাযোগ রাখছেন বলে তার ঘনিষ্ঠ মহলের দুজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।

বিষয়টির সঙ্গে পরিচিত অন্তত তিনজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, মোজতবা খামেনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ অবস্থানে থাকলেও বাস্তবে গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত এখন জেনারেলদের হাতেই যাচ্ছে। তিনি মূলত বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদনের ভূমিকা পালন করছেন।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, বর্তমানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি), সর্বোচ্চ নেতার দপ্তর এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একটি ছোট কিন্তু প্রভাবশালী কট্টরপন্থী বলয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্ধারণ করছে।

ইরানি রাজনৈতিক বিশ্লেষক আরশ আজিজি বলেন, “গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সম্ভবত এখনো সর্বোচ্চ নেতার মাধ্যমেই চূড়ান্ত করা হচ্ছে। তবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা সামরিক নেতৃত্বের সিদ্ধান্ত তিনি কার্যত নাকচ করতে পারছেন না বলেই মনে হচ্ছে। যুদ্ধ পরিচালনাকারী শক্তিশালী বলয়ের বিরুদ্ধে যাওয়া তার জন্য সহজ নয়।”

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, “ইরানের অভ্যন্তরে মতপার্থক্য থাকলেও এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। মোজতবা খামেনি এখানে একক সিদ্ধান্তদাতা নন, বরং সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।”

এই পরিবর্তনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। আলোচনার সঙ্গে জড়িত এক উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইরানের পক্ষ থেকে মতামত বা সিদ্ধান্ত জানাতে অস্বাভাবিক রকম সময় লাগছে। এতে মনে হচ্ছে, দেশটির ভেতরে এখন একক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো কার্যকর নেই।”

তিনি আরও বলেন, “কখনো কখনো একটি বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দুই থেকে তিন দিন সময় লেগে যাচ্ছে, যা বোঝায় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও অনুমোদনের প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।”

শান্তি আলোচনায় ইরানের প্রধান মুখ হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় আরও সক্রিয় হয়ে উঠেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আইআরজিসির সাবেক কমান্ডার এবং তেহরানের সাবেক মেয়রও ছিলেন। বর্তমান সংকটে তিনি রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও ধর্মীয় শক্তিগুলোর মধ্যে সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন বলে জানা গেছে।

তবে পাকিস্তান ও ইরানের একাধিক সূত্রের দাবি, প্রকৃত প্রভাবশালী ব্যক্তি হিসেবে এখন সামনে এসেছেন আইআরজিসি কমান্ডার আহমদ ওয়াহিদি। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই তিনি কৌশলগত সিদ্ধান্ত ও সামরিক সমন্বয়ের কেন্দ্রীয় ভূমিকায় চলে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনায় প্রধান বাধা কেবল ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নয়। বরং যুক্তরাষ্ট্র ও ইরানের চাওয়ার মধ্যে এখনো বড় ধরনের ফারাক রয়েছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শর্তগুলো ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয় বলেই আলোচনা বারবার জটিল হয়ে পড়ছে।

এ বিষয়ে রয়টার্স ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের নেতৃত্বের মধ্যে কোনো মতবিরোধ নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ