সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটি সৌদিতে একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় ৮ হাজার সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। বিষয়টি এখনই প্রথম প্রকাশ্যে এসেছে। তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে […]

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটি সৌদিতে একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় ৮ হাজার সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

বিষয়টি এখনই প্রথম প্রকাশ্যে এসেছে। তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে বলে জানা যায়। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এটি একটি উল্লেখযোগ্য ও যুদ্ধ-সক্ষম বাহিনী, যা সৌদি আরব আবারও হামলার মুখে পড়লে দেশটির প্রতিরক্ষায় সহায়তা করবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দপ্তর এবং সৌদি আরবের সরকারি গণমাধ্যম কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পূর্ণ শর্ত প্রকাশ করা হয়নি। তবে উভয় পক্ষই জানিয়েছিল, কোনো এক পক্ষ হামলার শিকার হলে অন্য পক্ষ প্রতিরক্ষায় এগিয়ে আসবে। এর মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তির কারণে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় রয়েছে। তার ওই মন্তব্যকে ঘিরেও তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।

সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণ স্কোয়াড্রন সৌদিতে পাঠিয়েছে। এসব বিমানের বড় অংশই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ মডেলের। এপ্রিলের শুরুতে এগুলো সৌদি আরবে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

নিরাপত্তা কর্মকর্তাদের দুজন জানান, যুদ্ধবিমানের পাশাপাশি আরও দুটি ড্রোন স্কোয়াড্রনও পাঠানো হয়েছে। মোট মোতায়েনকৃত সেনাসংখ্যা প্রায় ৮ হাজার বলে পাঁচটি সূত্রই নিশ্চিত করেছে। প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রস্তুতিও রাখা হয়েছে।

এছাড়া চীনের তৈরি এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সৌদিতে স্থাপন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি সদস্যরা পরিচালনা করছেন এবং এর অর্থায়ন করছে সৌদি আরব।

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার এই সময়ে পাকিস্তানের এ পদক্ষেপকে মধ্যস্থতাকারী ভূমিকার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার বড় সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। এতে আঞ্চলিক সামরিক সমীকরণেও নতুন মাত্রা যোগ হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ