যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ, মূল্যস্ফীতি এবং আর্থিক অনিশ্চয়তা বাড়লেও কিছু বহুজাতিক কোম্পানির জন্য পরিস্থিতিটি বিশাল মুনাফার সুযোগ হয়ে উঠেছে। বিশেষ করে তেল-গ্যাস, ব্যাংকিং, প্রতিরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠানগুলো চলতি বছরে রেকর্ড আয় করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা ও সরবরাহ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ, মূল্যস্ফীতি এবং আর্থিক অনিশ্চয়তা বাড়লেও কিছু বহুজাতিক কোম্পানির জন্য পরিস্থিতিটি বিশাল মুনাফার সুযোগ হয়ে উঠেছে। বিশেষ করে তেল-গ্যাস, ব্যাংকিং, প্রতিরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠানগুলো চলতি বছরে রেকর্ড আয় করছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির কারণে বৈশ্বিক বাজারে তেল-গ্যাসের দাম অস্বাভাবিক ওঠানামা করছে। এই অস্থিরতাকেই ব্যবসায়িক সুবিধায় রূপান্তর করছে বড় করপোরেশনগুলো।
তেল-গ্যাস খাতে বিপুল আয়
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ওই রুটে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বাড়তে শুরু করে।
এই পরিস্থিতিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় জ্বালানি কোম্পানিগুলো রেকর্ড মুনাফা অর্জন করেছে।
ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান বিপি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ কোটি ডলারে। কোম্পানিটি বলছে, তাদের ট্রেডিং বিভাগ এই সময়ে সবচেয়ে বেশি লাভ করেছে।
শেল বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে প্রায় ৬৯২ কোটি ডলার মুনাফা করেছে। ফরাসি কোম্পানি টোটালএনার্জিসের আয়ও প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়ে ৫৪০ কোটি ডলারে পৌঁছেছে।
অন্যদিকে এক্সনমোবিল ও শেভরনের আয় আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও বাজার প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উচ্চমূল্য বছরের বাকি সময়েও এসব কোম্পানির মুনাফা বাড়াতে পারে।
অস্থির বাজারে লাভবান ব্যাংক
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে শেয়ার ও মুদ্রাবাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার সুযোগে বড় ব্যাংকগুলোর ট্রেডিং আয় বেড়েছে।
জেপি মরগান ২০২৬ সালের প্রথম তিন মাসে তাদের ট্রেডিং বিভাগ থেকে রেকর্ড ১ হাজার ১৬০ কোটি ডলার আয় করেছে। এটি ব্যাংকটির ইতিহাসের অন্যতম বড় ত্রৈমাসিক মুনাফা।
ব্যাংক অব আমেরিকা, মরগান স্ট্যানলি, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস ও ওয়েলস ফার্গোসহ যুক্তরাষ্ট্রের বড় ছয় ব্যাংকের সম্মিলিত মুনাফা প্রায় ৪ হাজার ৭৭০ কোটি ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে বিনিয়োগকারীদের লেনদেন বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর ট্রেডিং ব্যবসা বড় সুবিধা পেয়েছে।
প্রতিরক্ষা শিল্পে অর্ডারের বন্যা
মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রতিরোধ প্রযুক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস জানিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি বাড়ায় তাদের বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
বিশ্বের বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, বোয়িং ও নর্থরপ গ্রুম্যানও চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড অর্ডার পাওয়ার তথ্য দিয়েছে।
যদিও মার্চের মাঝামাঝি থেকে প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ারের দামে সামান্য পতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, আগে থেকেই এই খাতের শেয়ারমূল্য অনেক বেশি বেড়ে গিয়েছিল।
নবায়নযোগ্য জ্বালানিতে নতুন গতি
ইরান যুদ্ধের পর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রশ্ন আবার সামনে এসেছে। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের নেক্সটএরা এনার্জির শেয়ারের দাম চলতি বছরে প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ডেনমার্কের ভেসটাস ও ওরস্টেডও মুনাফা বৃদ্ধির তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি বলছে, ফেব্রুয়ারির পর থেকে সৌর প্যানেল ও হিট পাম্পের বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চীনা নির্মাতারা আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
সূত্র: বিবিসি