ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসকে আইন পাস করার আহ্বান জানিয়েছেন দেশটির ৭১ শতাংশ নাগরিক। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান সমর্থকদেরও অর্ধেকের বেশি এই উদ্যোগের পক্ষে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন অধিকাংশ মার্কিনি। রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের নতুন এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। গত ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসকে আইন পাস করার আহ্বান জানিয়েছেন দেশটির ৭১ শতাংশ নাগরিক। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান সমর্থকদেরও অর্ধেকের বেশি এই উদ্যোগের পক্ষে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন অধিকাংশ মার্কিনি। রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের নতুন এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।
গত ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে অনলাইনে এই জরিপ পরিচালনা করা হয়। সোমবার শেষ হওয়া জরিপে অংশগ্রহণকারীদের ৭১ শতাংশ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন পাস করা উচিত। তাঁদের মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন। জরিপটির ত্রুটির সীমা প্রায় ২ শতাংশ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয়েও চাপ তৈরি হয়েছে। জরিপের ফলাফলে যুদ্ধ বন্ধের পক্ষে জনমতের পাশাপাশি এই অর্থনৈতিক উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে।
শুধু যুদ্ধ বন্ধ নয়, ট্রাম্প প্রশাসনের আরোপ করা আমদানি শুল্ক প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ মানুষ। ট্রাম্পের শুল্কনীতি এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিকে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে রয়টার্স।
এদিকে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তাও নিম্নমুখী। জরিপে তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩২ শতাংশ মার্কিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হার তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। এর আগে অক্টোবরের মাঝামাঝি এক জরিপে তাঁর অনুমোদনের হার ৩১ শতাংশে নেমেছিল।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। ২০০৮ সালের পর এটিই দলটির সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য। তবে নতুন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে আগামী ৩ জানুয়ারি। ডেমোক্র্যাট নেতারা জীবনযাত্রার ব্যয় কমানো এবং ইরান যুদ্ধ বন্ধের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।
তবে নতুন কংগ্রেসের সামনে শুধু যুদ্ধ ও শুল্কনীতি নয়, দুই দলের মধ্যে সমঝোতা বজায় রাখার চাপও রয়েছে। জরিপে উভয় দলের অধিকাংশ সমর্থকই মনে করেন, ট্রাম্পের উচিত ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার চেষ্টা করা এবং নতুন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদেরও প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতার পথ খোঁজা উচিত।
জরিপে আরও দেখা গেছে, নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার হিসেবে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি দেখতে চান ১০ জনের মধ্যে প্রায় ৯ জন মার্কিনি। অর্থাৎ ইরান যুদ্ধ বন্ধের দাবি থাকলেও ভোটারদের কাছে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা