লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একজন কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর আশপাশের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা […]
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একজন কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর আশপাশের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে আলোচনা করেই সেনাবাহিনীকে এই অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্স উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতিতে হামলা ও সেনা হতাহতের ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, “ইসরায়েলের শত্রুদের কোথাও নিরাপদ আশ্রয় নেই” এবং অভিযানে জড়িতদের খুঁজে বের করা হবে।
তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ।
গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিরতির পর উভয় পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈরুতের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল এবং অনেক বাসিন্দা নিজ নিজ এলাকায় ফিরে এসেছিলেন। হামলার সময় এলাকাটিতে মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার বেকা উপত্যকায় পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তাও দিয়েছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, হিজবুল্লাহও দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেছে।
বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ইসরায়েলের অন্তত ১৭ সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।