সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৮ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬

ইসলামাবাদে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধি দল

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ। প্রাথমিক বৈঠক ও কারিগরি পর্যায়ের আলোচনার পর এখন দুই পক্ষের বিশেষজ্ঞ দল নিয়ে মূল আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। খবর ডনের। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার […]

ইসলামাবাদে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ। প্রাথমিক বৈঠক ও কারিগরি পর্যায়ের আলোচনার পর এখন দুই পক্ষের বিশেষজ্ঞ দল নিয়ে মূল আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। খবর ডনের।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারাও রয়েছেন।

পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনি কারিগরি কমিটিগুলো ইতোমধ্যে পৃথকভাবে বৈঠক করেছে। একই সঙ্গে দুই দেশের আলোচক দলের সঙ্গে তাদের বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। এতে আলোচনার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া সংঘাতের তীব্রতা কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করা এই উত্তেজনা ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর আপাতত থেমে আছে।

আলোচনার আনুষ্ঠানিক পর্ব শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি আজ ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় ইরানের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতার স্বার্থে অর্থবহ ফলাফল অর্জনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

পাকিস্তানের পক্ষ থেকে ওই বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে শেহবাজ শরীফকে গালিবাফ এবং আব্বাস আরাঘচির সঙ্গে কোলাকুলি ও করমর্দন করতে দেখা যায়।

দিনের শুরুতে পাকিস্তানে পৌঁছানো মার্কিন প্রতিনিধি জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেহবাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকারকে তিনি প্রশংসা করেছেন।

শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি কার্যকর অগ্রগতি তৈরি হতে পারে। তাঁর মতে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত।

মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ইসহাক দার এবং মহসিন নাকভি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ