যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্বীকার করেছেন, তিনি ২০১২ সালে কুখ্যাত মার্কিন ধনকুবের ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন। তাঁর এই স্বীকারোক্তি আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি দাবি করেছিলেন, ২০০৫ সালের পর এপস্টিনের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক ছিল না। মঙ্গলবার (স্থানীয় সময় ১০ ফেব্রুয়ারি) ক্যাপিটল হিলে এক শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে লুটনিক […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্বীকার করেছেন, তিনি ২০১২ সালে কুখ্যাত মার্কিন ধনকুবের ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন। তাঁর এই স্বীকারোক্তি আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি দাবি করেছিলেন, ২০০৫ সালের পর এপস্টিনের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক ছিল না।
মঙ্গলবার (স্থানীয় সময় ১০ ফেব্রুয়ারি) ক্যাপিটল হিলে এক শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে লুটনিক বলেন, পারিবারিক ছুটিতে নৌভ্রমণের সময় স্ত্রী ও চার সন্তানকে নিয়ে তিনি এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন এবং সেখানে প্রায় এক ঘণ্টা মধ্যাহ্নভোজ করেছিলেন। তিনি বলেন, ‘আমরা তাঁর দ্বীপে দুপুরের খাবার খেয়েছিলাম—এটি সত্য। তবে সেটি ছিল খুব অল্প সময়ের জন্য।’
মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত এপস্টিন–সংক্রান্ত নথিপত্রে লুটনিকের ওই সফর সংক্রান্ত ইমেইল ও চিঠিপত্রের উল্লেখ রয়েছে। এসব তথ্য প্রকাশের পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের একাধিক আইনপ্রণেতা তাঁর পদত্যাগ দাবি করেছেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী লুটনিকের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে।
এর আগে কংগ্রেসে দেওয়া বক্তব্যে লুটনিক বলেছিলেন, ২০০৫ সালেই তিনি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তিনি দাবি করেছিলেন, নিউইয়র্কে প্রতিবেশী হিসেবে বসবাসের সময় এপস্টিন তাঁর বাসায় একটি কক্ষে ম্যাসাজ টেবিল রাখার যে ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ ব্যাখ্যা দেন, তাতে বিরক্ত হয়ে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
তবে সর্বশেষ সাক্ষ্যে তিনি স্বীকার করেন, ওই সময়ের পরও আরও দুবার এপস্টিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী, ২০১২ সালের ২৩ ডিসেম্বর তিনি এপস্টিনের দ্বীপে যান, যা এপস্টিনের ২০০৮ সালে শিশুদের যৌন কাজে বাধ্য করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার চার বছর পরের ঘটনা।
শুনানিতে লুটনিক বলেন, ‘আমি ঠিক মনে করতে পারছি না, কেন আমরা সেখানে গিয়েছিলাম, তবে আমরা গিয়েছিলাম।’ যদিও এপস্টিন–সংক্রান্ত কোনো অপরাধে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়নি।
তিনি আরও জানান, এপস্টিন–সংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নথির মধ্যে মাত্র ১০টির মতো ইমেইলে তাঁর নাম এসেছে। নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘দীর্ঘ ১৪ বছরে তাঁর সঙ্গে আমার প্রায় কোনো সম্পর্কই ছিল না।’
তবে তাঁর এই পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন। শুনানিতে তিনি লুটনিকের কঠোর সমালোচনা করেন।
এপস্টিন–সংক্রান্ত নথি জনসমক্ষে প্রকাশে ভূমিকা রাখা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না ও রিপাবলিকান থমাস ম্যাসিও লুটনিকের পদত্যাগ দাবি করেছেন। রো খান্না বলেন, প্রকাশিত নথিতে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, যেগুলো আগে আড়াল করা হয়েছিল।