চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে গান পরিবেশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। গানের কথায় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার চ্যালেঞ্জ জানান তিনি। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরের জামালখান মোড়ে আয়োজিত সমাবেশে এ পরিবেশনা করেন আম্মার। শহীদ শরীফ ওসমান হাদি […]
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে গান পরিবেশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। গানের কথায় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার চ্যালেঞ্জ জানান তিনি। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরের জামালখান মোড়ে আয়োজিত সমাবেশে এ পরিবেশনা করেন আম্মার।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ওই দিন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে ওসমান হাদি হত্যার বিচার, পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।
সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চে উঠে গান পরিবেশন করেন সালাহউদ্দিন আম্মার। ব্যঙ্গাত্মক ও চটুল সুরে গাওয়া গানটির শুরুতে ছিল, ‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’ গানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, অন্তর্বর্তী সরকার, বিভিন্ন সহিংসতার ঘটনা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়েও কথা বলেন।
গানের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আম্মার গেয়ে ওঠেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়।’ তাঁর এই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও গানটি নিয়ে আলোচনা ও উৎসাহ দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।