কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। পুলিশ জানায়, প্রদেশটির টাম্বলার রিজ এলাকায় অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। কানাডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসির খবরে বলা হয়, হামলার পর স্কুল ভবনের ভেতর থেকে […]
ছবি: সংগৃহীত
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
পুলিশ জানায়, প্রদেশটির টাম্বলার রিজ এলাকায় অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। কানাডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসির খবরে বলা হয়, হামলার পর স্কুল ভবনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
আরসিএমপি এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ছিল একটি সক্রিয় বন্দুকধারীর হামলা। সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সে আত্মঘাতীভাবে নিজেকে গুলি করে মৃত্যু ঘটিয়েছে।
পুলিশ আরও জানায়, গুরুতর আহত দুজনকে দ্রুত এয়ারলিফটের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আহত অবস্থায় আরও প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই স্কুল ভবন ও আশপাশের এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। স্কুলে অবস্থানরত বাকি সব শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।