ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে আহত হলেও মানসিকভাবে এখনো পুরোপুরি সচল এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানায় এএফপি। ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, খামেনি বর্তমানে প্রকাশ্যে আসছেন না এবং তার বেশিরভাগ নির্দেশনা বাইরে পৌঁছাচ্ছে […]
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে আহত হলেও মানসিকভাবে এখনো পুরোপুরি সচল এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানায় এএফপি।
ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, খামেনি বর্তমানে প্রকাশ্যে আসছেন না এবং তার বেশিরভাগ নির্দেশনা বাইরে পৌঁছাচ্ছে লিখিত বার্তার মাধ্যমে। শারীরিক অবস্থার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, হামলায় তার একটি পায়ে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে। ওই পায়ে কৃত্রিম অঙ্গ বসানোর প্রস্তুতি চলছে। তার এক হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে সেখানে কিছুটা কার্যক্ষমতা ফিরে আসছে। মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর দগ্ধের কারণে তার কথা বলতেও অসুবিধা হচ্ছে। ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমস আরও লিখেছে, শারীরিকভাবে সীমাবদ্ধ হলেও খামেনি নীতিগত সিদ্ধান্তে সক্রিয় রয়েছেন। বেশ কিছু ক্ষমতা তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলদের হাতে ন্যস্ত করেছেন। নিরাপত্তার কারণে তার সঙ্গে খুব কম মানুষই সরাসরি দেখা করতে পারছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তার চিকিৎসা তদারকিতে যুক্ত রয়েছেন। পেশায় তিনি একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ।
এদিকে বিপ্লবী গার্ডের জেনারেলরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতকে শাসকগোষ্ঠীর টিকে থাকার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। সামরিক কৌশল এবং হরমুজ প্রণালি সংক্রান্ত সিদ্ধান্তও এখন তাদের তত্ত্বাবধানে চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের ভেতরের পরিস্থিতি ও চলমান আঞ্চলিক উত্তেজনার নতুন দিক সামনে এসেছে।