দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে একদিনেই আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এর পরদিনই আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হলো। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ প্রস্তাব অনুমোদন […]
ছবি: সংগৃহীত
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে একদিনেই আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এর পরদিনই আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হলো।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এক কার্গো এলএনজি কেনা হবে।
এর আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চারটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়।
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও অবনতি ঘটে।
গত ২১ জুলাই মহেশখালীর ওই টার্মিনালে আগুন লাগার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়।
সমুদ্রপথে আমদানি করা এলএনজি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট বা এফএসআরইউয়ের মাধ্যমে গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। মহেশখালীতে এ ধরনের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে।
আগুনে একটি টার্মিনালের বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং তথ্যবাহী কেবল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে প্রায় দুই সপ্তাহ টার্মিনালটির কার্যক্রম বন্ধ ছিল।
প্রয়োজনীয় মেরামতকাজ শেষে টার্মিনালের একটি ইউনিটের বয়লার চালু করা হলে বৃহস্পতিবার ভোররাত থেকে এক্সিলারেট এনার্জির ওই টার্মিনাল থেকে সীমিত পরিসরে আবার গ্যাস সরবরাহ শুরু হয়।
তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় একদিনের ব্যবধানে মোট নয় কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো।