যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (৫ মে) তিনি তেহরান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার […]
ছবি: সংগৃহীত
যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (৫ মে) তিনি তেহরান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং তা নিরসনে বেইজিংয়ের সম্ভাব্য ভূমিকা নিয়েও বিস্তারিত কথা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপের পর থেকে অঞ্চলে যে সংঘাত তীব্র আকার নিয়েছে, তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের মূল উদ্দেশ্য হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বর্তমানে স্থবির থাকায়, চীনের মধ্যস্থতাকারী ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তাদের মতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশলের কারণে চীন এখন একটি নির্ভরযোগ্য কূটনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এই প্রেক্ষাপটে, বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে আরাগচির এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা