ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটির ওপর আগের চেয়ে আরও শক্তিশালী হামলা চালানো হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যদি পূর্বের প্রস্তাবিত শর্তগুলো মেনে নেয়, তাহলে চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে। সেই সঙ্গে হরমুজ […]
ছবি: সংগৃহীত
ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটির ওপর আগের চেয়ে আরও শক্তিশালী হামলা চালানো হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যদি পূর্বের প্রস্তাবিত শর্তগুলো মেনে নেয়, তাহলে চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে। সেই সঙ্গে হরমুজ প্রণালিও পুনরায় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।
তিনি লেখেন, ইরান শর্তগুলো মেনে নিলে ‘অপারেশন এপিক ফিউরি’র সমাপ্তি ঘটবে এবং বর্তমানে আরোপিত অবরোধও তুলে নেওয়া হবে। এতে করে হরমুজ প্রণালি ইরানসহ সব দেশের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
তবে একইসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তেহরান প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে নতুন করে হামলা শুরু হবে এবং তা আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র বর্তমান ধাপ শেষ হয়েছে। এখন ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের মাধ্যমে পরবর্তী আলোচনায় এগোতে চায়।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে নতুন কিছু শর্তের ভিত্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা যেতে পারে। যদিও সেই শর্তগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল বন্ধ করে দেয় হরমুজ প্রণালিতে। এর জবাবে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।