দেশের গ্যাসের চাহিদা সামাল দিতে আন্তর্জাতিক বাজার থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলএনজি আমদানিতে মোট ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে এসব […]
ছবি: সংগৃহীত
দেশের গ্যাসের চাহিদা সামাল দিতে আন্তর্জাতিক বাজার থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলএনজি আমদানিতে মোট ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে এসব এলএনজি দেশে সরবরাহের কথা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর—এই পাঁচটি সময়ে একটি করে এলএনজি কার্গো আনার পরিকল্পনা করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে সরবরাহের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে কার্গোগুলো কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এলএনজির দাম নির্ধারণে প্ল্যাটস প্রকাশিত জাপান-কোরিয়া মার্কার বা জেকেএম মূল্যসূচক ব্যবহার করা হয়েছে।
প্রস্তাবের তথ্য অনুযায়ী, ২৩-২৪ আগস্ট সরবরাহের একটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৮৮ ডলার। ৪-৫ সেপ্টেম্বরের কার্গোটির ক্ষেত্রে এই দর ২১ দশমিক ৭৮ ডলার। শুধু এই দুই কার্গোর ক্রয়মূল্যই প্রায় ৫৪০ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে, ১৭-১৮ আগস্ট ও ২২-২৩ আগস্ট সরবরাহের জন্য নির্ধারিত এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ ডলার। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক স্পট বাজারের উচ্চমূল্য, সরবরাহের ঝুঁকি এবং দরকষাকষির পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব দাম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আগস্টে সরবরাহের জন্য আরও তিন কার্গো এলএনজি কেনার পৃথক প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়া গেলে দ্রুত আমদানির প্রক্রিয়া শুরু হবে।
দেশে গ্যাসের ঘাটতি মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত এলএনজি কিনছে সরকার। নতুন পাঁচ কার্গো আমদানিও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।