তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক বার্তার আকারে প্রকাশ পেল। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অবস্থিত ইরানি দূতাবাস সম্প্রতি একটি রূপকধর্মী ছবি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে। পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি শামুক ধীরে ধীরে একটি ধারালো ব্লেডের ওপর দিয়ে এগোচ্ছে। ছবিটির শামুকের […]
ছবি: সংগৃহীত
তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক বার্তার আকারে প্রকাশ পেল। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অবস্থিত ইরানি দূতাবাস সম্প্রতি একটি রূপকধর্মী ছবি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।
পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি শামুক ধীরে ধীরে একটি ধারালো ব্লেডের ওপর দিয়ে এগোচ্ছে। ছবিটির শামুকের মাথার অংশে ট্রাম্পের স্বর্ণাভ চুলের মতো একটি রূপক অবয়ব রাখা হয়েছে। আর ব্লেডের গায়ে বড় অক্ষরে লেখা ছিল ‘ইরান’। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে দূতাবাস লিখেছে, “ধারালো ব্লেডের কিনারায় দাঁড়িয়েও শেখার ক্ষেত্রে তার গতি বড়ই মন্থর।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পোস্টের মাধ্যমে ইরান মূলত ট্রাম্পের ইরাননীতি ও তার কৌশলগত অবস্থানকে কটাক্ষ করেছে। শামুকের প্রতীক দিয়ে মন্থরতা এবং ব্লেডের প্রতীক দিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বোঝানো হয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে তারা ধীর, বিপজ্জনক ও অদূরদর্শী হিসেবে তুলে ধরতে চেয়েছে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিষেধাজ্ঞা, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটে ইরানি কূটনৈতিক মিশনগুলো সরাসরি বক্তব্যের বদলে রূপক ও শ্লেষাত্মক ভাষা ব্যবহার করে নিজেদের অবস্থান জানাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
এখন পর্যন্ত এই পোস্ট নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকদের মতে, আধুনিক কূটনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু প্রচারের মাধ্যম নয়, বরং প্রতীকী শক্তি প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।