‘ধুরন্ধর’ মুক্তির সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। ফারহান আখতারের বহুল আলোচিত ছবি ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় প্রযোজক পক্ষ নাকি তাঁর কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড অন্দরমহলে। রণবীরের এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। একটি […]
ছবি: সংগৃহীত
‘ধুরন্ধর’ মুক্তির সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। ফারহান আখতারের বহুল আলোচিত ছবি ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় প্রযোজক পক্ষ নাকি তাঁর কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড অন্দরমহলে।
রণবীরের এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। একটি সূত্র বলছে, পারিশ্রমিক ও চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে মতভেদের কারণেই তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, আরেকটি সূত্রের দাবি—চিত্রনাট্যে সন্তুষ্ট না হওয়ায় নিজেই ‘ডন ৩’ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রণবীর। তবে তাঁর এই আকস্মিক সরে দাঁড়ানোয় প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি যে অসন্তুষ্ট, তা স্পষ্ট।
জানা গেছে, রণবীরের সম্মতি পাওয়ার পরই এক্সেল এন্টারটেইনমেন্ট ‘ডন ৩’-এর প্রাথমিক প্রস্তুতি শুরু করে। পরিকল্পনা অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করেই ছবিটির কাজে হাত দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে হঠাৎ করেই রণবীরের পক্ষ থেকে জানানো হয়, তিনি জয় মেহেতার ‘প্রলয়’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। এমনকি সেই ছবির জন্য নতুন শিডিউলও চূড়ান্ত করা হয়। এতে ‘ডন ৩’-এর পুরো প্রস্তুতি ও সময়সূচি ভেস্তে যায়।
প্রযোজক পক্ষের দাবি, এই সিদ্ধান্তের ফলে নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে, শুটিং ও মুক্তির সময় পিছিয়ে যাচ্ছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। এ কারণেই নাকি ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে রণবীর সেই দাবি মানতে রাজি নন বলেই জানা গেছে।
বলিউড সূত্র আরও জানিয়েছে, রণবীর একাধিকবার চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সন্তুষ্ট না হওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কয়েক দফা আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। পরিস্থিতি সামাল দিতে প্রযোজক সমিতির মধ্যস্থতায় বিষয়টি মেটানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘ডন ৩’-এর প্রথম ঝলক প্রকাশের পর রণবীরকে ‘ডন’ চরিত্রে দেখে দর্শকের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছিল। সে সময় প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ফারহান আখতার। তবে সাম্প্রতিক এই ঘটনার পর তাঁদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
এখন দেখার বিষয়, এই টানাপোড়েন আদালত পর্যন্ত গড়ায়, নাকি সমঝোতার মাধ্যমেই মিটে যায় রণবীর-ফারহান দ্বন্দ্ব।