ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। দেশটির অভিযোগ, চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের প্রচেষ্টাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক […]
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। দেশটির অভিযোগ, চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের প্রচেষ্টাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুঃখজনক। ঢাকাকে দিল্লি হিসেবে চালিয়ে দিতে বিদেশি ভ্লগারদের ব্যবহার করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
রণধীর জয়সোয়াল আরও বলেন, এ ধরনের ভুয়া ও বানানো গল্প ছড়ানোর মাধ্যমে যারা এসব কাজ করছে এবং নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে, তারা শেষ পর্যন্ত নিজেদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করছে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।
সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমার কয়েক মাস ধরে ঢাকার বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছিলেন। একাধিক মোবাইল ফোন ব্যবহার করে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন গলি ও সড়কে সরাসরি সম্প্রচার করতেন।
অভিযোগ রয়েছে, কখনো কখনো তাঁরা স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা উপেক্ষা করে ঘরবাড়িতেও প্রবেশ করতেন। পরে এসব ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে ‘নয়া দিল্লি’ কিংবা ভারতের অংশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো।
দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডে ঢাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের ধারণা, ধারণ করা ভিডিও কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে বাসিন্দাদের স্পষ্ট ধারণা নেই। এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগটি নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও স্পর্শকাতর হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ইত্তেফাক