রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করে। আপিলের পর বিষয়টি পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে পরিদর্শন এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত শেষে কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত আরোপ করেছে সরকার। শর্তগুলো হলো—
১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।
৩. ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এর আগে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে পুনঃতদন্তের ভিত্তিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।